ডায়মন্ড হারবারে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়তে নার্সিং শিক্ষার্থীদের অঙ্গীকার ।

ডায়মন্ড হারবারে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়তে নার্সিং শিক্ষার্থীদের অঙ্গীকার ।


বাইজিদ মন্ডল , ডায়মন্ড হারবার : গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল–এর সরকারি নার্সিং কলেজের ৫ম প্রদীপ প্রজ্জ্বলন শপথ গ্রহণ ও স্নাতক ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমবারের মতো স্নাতক ব্যাচকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।


প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সাঈদুর রহমান, রেজিস্ট্রার, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং ড. মোঃ সাদিক মল্লিক, প্রিন্সিপাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। এছাড়াও চিকিৎসা ও নার্সিং শিক্ষার সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এদিন প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের মাধ্যমে বি.এসসি. নার্সিং প্রথম বর্ষের প্রায় ১০০ জন শিক্ষার্থীর পেশাগত জীবনে আনুষ্ঠানিক প্রবেশকে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বি.এসসি. নার্সিং কোর্স সফলভাবে সম্পন্ন করা প্রায় ৮৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। 


অতিথিরা তাঁদের বক্তব্যে নার্সিং পেশার মানবিক দায়িত্ব ও সেবামূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং নবীন ও স্নাতক শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য শুভেচ্ছা জানান। আর সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, মর্যাদা ও গর্বের আবহ—যা নতুন প্রজন্মের নার্সিং শিক্ষার্থীদের পেশাগত অঙ্গীকারকে আরও দৃঢ় করে তুলেছে বলে মত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন