বাসন্তীতে বধূ হত্যা , পলাতক স্বামী।
নুরসেলিম লস্কর , বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত মাখালপাড়া এলাকায় ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম দীপিকা শাসমল (৩৫)। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপিকা শাসমলের সঙ্গে গোসাবার বাসিন্দা বাপন শাসমলের বিয়ে হয়েছিল। কর্মসূত্রে ওই দম্পতি কলকাতার কেষ্টপুর এলাকায় বসবাস করতেন। কয়েক দিন আগে বাসন্তীর মাখালপাড়া এলাকায় দীপিকার আত্মীয়, সম্পর্কে জামাইবাবু বিবেকানন্দ ঘুঘুর বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তাঁরা।
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে বাড়ির সকলেই যখন ঘুমিয়ে ছিলেন, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন বাপন শাসমল। স্ত্রীর আর্তনাদে ঘুম ভাঙে বাড়ির অন্যান্য সদস্যদের। তাঁরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দীপিকাকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই অভিযুক্ত স্বামী বাপন শাসমল অন্ধকারের সুযোগ নিয়ে এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। বাসন্তী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।



