ঝড়খালীতে বন দপ্তরের পাতা ফাঁদে পা না দিয়ে জঙ্গলে পালালো বাঘ

ঝড়খালীতে বন দপ্তরের পাতা ফাঁদে পা না দিয়ে জঙ্গলে পালালো বাঘ

প্রতিকি ছবি 

প্রশান্ত সরকার, ঝড়খালী: লোকালয়ে ঢুকে তীব্র আতঙ্ক ছড়ানোর পর শেষ পর্যন্ত বন বিভাগের পাতা জাল ছিঁড়ে গহীন অরণ্যে পালিয়ে গেল বাঘ। সুন্দরবনের ঝড়খালি এলাকায় কয়েকদিন ধরে চলা টানটান পরিস্থিতির মাঝে এই ঘটনায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, যদিও সম্পূর্ণ আতঙ্ক এখনও কাটেনি। শুক্রবার ভোরে ঝড়খালি কোস্টাল থানার সংলগ্ন নদী-পাড় এলাকায় বাঘের পায়ের ছাপ মিলতেই চাঞ্চল্য ছড়ায়। হেড়োভাঙা নদী পেরিয়ে বাঘ লোকালয়ে ঢুকেছে বলে অনুমান করে বনদফতর। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। এলাকায় জাল পাতা হয়, খাঁচা বসানো হয় এবং ছাগল টোপ হিসেবে রাখা হয়। লাউডস্পিকারে সতর্কতা জারি করে সাধারণ মানুষকে ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ঝড়খালি পর্যটন কেন্দ্রও। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের দিকে হঠাৎই বন বিভাগের পাতা জাল ছিঁড়ে বাঘটি পাশের গহীন ম্যানগ্রোভ অরণ্যের দিকে পালিয়ে যায় বলে বনদফতর সূত্রে জানা গেছে। জঙ্গলের দিকে নতুন পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন পাওয়ায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বনকর্মীরা রাতভর নজরদারি চালান এবং পরে জঙ্গলের গভীরে তল্লাশি জোরদার করা হয়। বনদফতরের দল এখনও এলাকায় রয়েছে এবং প্রয়োজনে ফের খাঁচা ও জাল বসানো হবে।এদিকে কয়েকদিনের আতঙ্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল ঝড়খালিতে। স্কুলপড়ুয়া শিশুদের বাইরে বেরোনো বন্ধ ছিল, সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। বাঘ জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও, স্থানীয় বাসিন্দারা চাইছেন স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত নজরদারি, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন