বাংলার সমর্থনে সংযোগ কর্মসূচি: বিশিষ্ট সাংবাদিক শুভাশীষ ঘটককে সম্মান জানাল তৃণমূল নেতৃত্ব

বাংলার সমর্থনে সংযোগ কর্মসূচি: বিশিষ্ট সাংবাদিক শুভাশীষ ঘটককে সম্মান জানাল তৃণমূল নেতৃত্ব 

বিশ্বজিৎ নস্কর, বারুইপুরঃ রবিবার “বাংলার সমর্থনে সংযোগ” কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক শ্রী শুভাশীষ ঘটক মহাশয়ের বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যাদবপুর–ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর শ্রী শুভাশীষ চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসী বেগম এবং সোনারপুর-রাজপুর পুরসভার চেয়ারম্যান পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল। তাঁরা শ্রী ঘটক মহাশয়ের হাতে উন্নয়নের বিস্তারিত তথ্যসমৃদ্ধ একটি পুস্তক তুলে দেন এবং ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাঁকে সম্মানিত করেন। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জানান, গত দেড় দশকে বাংলার সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। 
স্বাস্থ্য, শিক্ষা, নারীকল্যাণ, কৃষি ও অবকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী ও সবুজ সাথীর মতো প্রকল্প সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই সাফল্যের কথাই বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শ্রী শুভাশীষ ঘটক অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পুস্তক গ্রহণ করেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের কল্যাণে এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। সামগ্রিকভাবে, এই সংযোগ কর্মসূচি ছিল পারস্পরিক সৌজন্য ও উন্নয়নের বার্তা বিনিময়ের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন