প্রান্তিক চাষীদের গুরুত্ব দিয়ে পালিত হল বিশ্ব মৎস্যচাষ দিবস।
প্রশান্ত সরকার, সোনারপুর, ২১ নভেম্বরঃ জীবিকা সুরক্ষা, পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে মৎস্যচাষের গুরুত্বকে সামনে রেখে সোনারপুর আড়াপাঁচে উদযাপিত হল বিশ্ব মৎস্য দিবস ২০২৬। শনিবার জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড (এনএফডিবি)-র সহায়তায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধীন সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র (এসএসকেভিকে)-এর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রশিক্ষণ হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী, মৎস্য বিশেষজ্ঞ, প্রশাসনিক আধিকারিক, মৎস্যচাষী, কৃষক, ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্য শ্যামলা কেভিকে-র সিনিয়র সায়েন্টিস্ট ও প্রধান ড. স্বাগত ঘোষ, আইসিএআর-এটারি কলকাতার ডিরেক্টর ড. প্রদীপ দে, দক্ষিণ ২৪ পরগনার মৎস্য দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. চন্দ্রাভাল দত্ত, আইসিএআর-সিআইএফএ-র অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড. প্রতাপ কুমার মুখোপাধ্যায়, বিকেসি কলেজের ফিশারি সায়েন্স বিভাগের প্রধান ড. সন্দীপন গুপ্ত এবং আরকেএমভিইআরআই-এর আইআরডিএম ফ্যাকাল্টি সেন্টারের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ব্রহ্মচারী সোমনাথ (বেদেশ চৈতন্য)।
এছাড়াও উপস্থিত ছিলেন সস্য শ্যামলা কেভিকে-র অ্যাগ্রোনমি বিভাগের বিষয় বিশেষজ্ঞ ড. কৃষ্ণেন্দু রায়, সয়েল সায়েন্স বিভাগের বিষয় বিশেষজ্ঞ ড. মনিদীপ্ত সাহা এবং সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সন্ন্যাসী ইনচার্জ ব্রহ্মচারী সৌমিত্র। অনুষ্ঠানে বক্তারা টেকসই মৎস্যচাষের প্রয়োজনীয়তা, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার এবং মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, মৎস্যসম্পদ শুধু খাদ্য ও পুষ্টির অন্যতম উৎস নয়, গ্রামীণ এলাকার বহু মানুষের জীবিকা এবং আর্থিক স্বনির্ভরতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বিশেষজ্ঞরা মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, মাছের রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির বৈজ্ঞানিক কৌশল এবং বাজারের সঙ্গে মৎস্যচাষীদের সংযোগ আরও মজবুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মৎস্যচাষীদের কাছে উন্নত প্রযুক্তি ও সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশিক্ষণ এবং সম্প্রসারণমূলক পরিষেবা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। সস্য শ্যামলা কেভিকে-র পক্ষ থেকে জানানো হয়, কৃষক ও মৎস্যচাষীদের স্বার্থে নিয়মিত প্রশিক্ষণ, হাতে-কলমে প্রদর্শন এবং নতুন প্রযুক্তির প্রসারে প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে।
এনএফডিবি-র প্রতিনিধিরাও মৎস্যচাষীদের সক্ষমতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষের প্রসারে বোর্ডের সহযোগিতামূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। দিনের এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উপস্থিত সকলের জন্য জলখাবার ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বিশ্ব মৎস্য দিবস উদযাপনের মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হল, আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতার সমন্বয় ঘটাতে পারলে মৎস্যচাষকে আরও লাভজনক ও টেকসই করে তোলা সম্ভব। পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং মৎস্যচাষীদের জীবনযাত্রার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ধরনের উদ্যোগ।


