বিশ্বজিৎ নস্কর,গঙ্গাসাগর : আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা যাতে নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে রাজ্যজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তারই অঙ্গ হিসেবে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি এবং শিক্ষা কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল। পরীক্ষা শুরুর আগেই তাঁরা একাধিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের মনোবল বাড়ান এবং পরীক্ষার আগে আতঙ্কমুক্ত থাকার বার্তা দেন।
পরিদর্শনের সময় দেখা যায়, অনেক পরীক্ষার্থী নিজেদের নির্দিষ্ট আসন খুঁজে পেতে সমস্যায় পড়ছে। সেই সময় সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি নিজে উদ্যোগ নিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখে সিরিয়াল নম্বর মিলিয়ে বসার ঘর দেখিয়ে দেন। এই মানবিক উদ্যোগে স্বস্তি পায় পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা। এবছর গঙ্গাসাগর এলাকায় মোট ৬টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৯০০ জন।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি রয়েছে প্রশাসনিক নজরদারি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পরিদর্শন শেষে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন,“ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম মানসিক চাপ ছাড়াই পরীক্ষা দিতে পারে, তার জন্য প্রশাসন সবরকম সহযোগিতা করছে। গ্রামীণ এলাকার পড়ুয়াদের এই উৎসাহ ও আত্মবিশ্বাস আগামীর জন্য অত্যন্ত ইতিবাচক।” কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই গঙ্গাসাগরে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন।



