মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত চার শিক্ষক সহ এক পুলিশকর্মী।

মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত চার শিক্ষক সহ এক পুলিশকর্মী।

নুরসেলিম লস্কর, বাসন্তী : রাজ্যজুড়ে সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। সেই গুরুত্বপূর্ণ দিনেই প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীতে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। এদিন সকালে আনুমানিক ৯টা ১০ মিনিট নাগাদ আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমঝাড়া বাজার সংলগ্ন বাসন্তী হাইওয়েতে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।



স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বাসন্তী থানা থেকে চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় একটি টোটোকে সাইড দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে চারজন শিক্ষক ও একজন পুলিশকর্মী ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনই আহত হন। 



আর এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তীর হাসপাতাল মোড় পুলিশ ক্যাম্পের বিশাল পুলিশ বাহিনী ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে পরীক্ষার কথা মাথায় রেখে তৎক্ষণাৎ শিমুলতলার হাসপাতাল মোড় ক্যাম্পের পুলিশ তৎপরতার সঙ্গে বিকল্প ব্যবস্থায় চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেয়। ফলে পরীক্ষার নির্ধারিত সূচিতে কোনও বিঘ্ন ঘটেনি।



তবে,মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন