সুন্দরবনে চতুর্থ পাখি উৎসবে অনন্য রেকর্ড ! দেখা মিলল ১৬৮ প্রজাতির প্রায় ৩১ হাজার পাখির।

সুন্দরবনে চতুর্থ পাখি উৎসবে অনন্য রেকর্ড ! দেখা মিলল ১৬৮ প্রজাতির প্রায় ৩১ হাজার পাখির।



নুরসেলিম লস্কর, সুন্দরবন : পরপর চার বছর সফলভাবে সম্পন্ন হল সুন্দরবনের পাখি উৎসব। গত ২৩ জানুয়ারি সজনেখালি থেকে শুরু হওয়া চতুর্থ পাখি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানও অনুষ্ঠিত হল সেখানেই। এবছর উৎসবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নজরে এসেছে মোট ১৬৮ প্রজাতির পাখি, যার মধ্যে ৫৭টি পরিযায়ী এবং ১১১টি দেশীয় প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৩০,৯৮৬টি পাখির উপস্থিতি নথিভুক্ত করেছে বন দফতর।


উৎসবে অংশগ্রহণকারী ৬টি দলের মোট ৩৬ জন পাখিপ্রেমী প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের ছয়টি রেঞ্জ ঘুরে ঘুরে পাখি পর্যবেক্ষণ ও আলোকচিত্র সংগ্রহ করেন। সংগৃহীত ছবির বিচার-বিশ্লেষণের মাধ্যমেই এবছরের মোট প্রজাতি ও পাখির সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বন দফতর।
এবছর বিশেষভাবে নজর কেড়েছে মাছরাঙার ৭টি প্রজাতির উপস্থিতি। পাশাপাশি ১৬৮ প্রজাতির মধ্যে অস্তিত্ব বিপন্ন ১৪টি প্রজাতির পাখির দেখা মিলেছে বলে জানিয়েছেন বন আধিকারিকরা। ইউরেশিয়ান কার্লিউ, ব্রাউন-উইংড কিংফিশার, গ্রে প্লোভার ও লেজার স্যান্ড প্লোভারের মতো বিরল প্রজাতির পাখিও এবছর চোখে পড়েছে।
উৎসব শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি দলকে আলাদা আলাদা রেঞ্জ এলাকায় পাঠানো হয় পর্যবেক্ষণের জন্য। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই পাখি উৎসব প্রতি বছরই আরও বৃহৎ আকার নিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের পাখিপ্রেমীদের আগ্রহও ক্রমশ বাড়ছে।


বন দফতরের মতে, প্রতি বছর পাখির সংখ্যা ও পরিযায়ী পাখির উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় স্পষ্ট, সুন্দরবনকে পাখিরা ক্রমেই আরও নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নিচ্ছে।
পাখি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের দিন সুন্দরবনের যৌথ বন পরিচালন কমিটিগুলির হাতে বিশেষ আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়। পর্যটন ও মধু থেকে প্রাপ্ত আয়ের অংশ হিসেবে এবছর মোট ১ কোটি ৭৩ লক্ষ টাকা ২৬টি যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন