নুরসেলিম লস্কর, বাসন্তী : সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কালিডাঙ্গা গ্রামের একটি খালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিট নাগাদ স্থানীয় বাসিন্দারা খালে একটি মৃতদেহ ভাসতে দেখে বাসন্তী থানায় খবর দেন। আর সেই খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মজিবর সরদার (১৮)। তিনি কালিডাঙ্গা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন সরদারের পুত্র। স্থানীয় সূত্রে আরও জানাযায় যে, মজিবর মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অসুস্থতার কারণেই অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান এবং সেখান থেকে উঠতে না পেরে জলে ডুবে তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আর এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ গোটা বিষয়টি তদন্তাধীন রেখেছে।


