ঘুটিয়ারী শরীফে পুলিশের বড়সড় সাফল্য, ২৬২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার এক।
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বারুইপুর পুলিশ জেলার ক্যানিং মহকুমার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ। ধৃতের কাছ থেকে মোট ২৬২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ঘুটিয়ারী শরীফের গৌড়া বিশ্বাস পাড়ায় অভিযান চালানো হয়। সেই সময় পিয়ালি থেকে ঘুটিয়ারী শরীফের দিকে আসা এক ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম আক্কাস আলি খান। তাঁর বাড়ি জীবনতলা থানার বাঁশড়ার বনমালিপুর খাঁ পাড়ায় বলে পুলিশ জানিয়েছে। এরপর NDPS Act-এর নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া মেনে ক্যানিং-১ বিডিও, এডিপিও ক্যানিং এবং আইসি ক্যানিংয়ের উপস্থিতিতে তাঁর তল্লাশি চালানো হয়। আর তল্লাশির সময় একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ২৬২ গ্রাম হেরোইন উদ্ধার হয় বলে পুলিশের দাবি। ঘটনায় NDPS Act-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের তরফে আরো জানানো হয়েছে, ধৃত ব্যক্তিকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে।

