মায়ের কোল থেকে সদ্যজাত শিশু উধাও! পুকুর থেকে মিললো দেহ। খুনের অভিযোগ পরিবারের।
নুরসেলিম লস্কর ,ক্যানিং : মাত্র ১৪ দিনের সদ্যজাত এক শিশুপুত্র কে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ক্যানিংয়ে। পুকুর থেকে মিললো শিশুটির নিথর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সুত্রে জানায় গিয়েছে,ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ভদ্রী গ্রামের বাসিন্দা সত্যেশ্বর মন্ডলের স্ত্রী স্বপ্না মন্ডল গত ১৪ দিন আগে ক্যানিং মহকুমা হাসপাতালে এক শিশু পুত্রের জন্ম দেয়। তার পর হাসি মুখে পুত্র সন্তান কে নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে যায় মন্ডল দম্পতি। আর এরই মধ্যে আবার সত্যেশ্বরের বাবা দুলাল মন্ডলের মৃত্যু হয়। বুধবার দুপুরে স্বপ্না মন্ডল তাঁর একমাত্র সন্তান কে নিয়ে বারান্দায় ঘুমিয়েছিলেন। অন্যদিকে তাঁর স্বামী ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। আচমকা বিকাল সাড়ে তিনটে নাগাদ ঘুম ভাঙে ওই বধুর। দেখতে পায় কোলের কাছে তাঁর সদ্যজাত পুত্রসন্তান নেই। কান্নায় ভেঙে পড়ে মন্ডল পরিবার। প্রতিবেশীরাও ঘটনার কথা জানতে পেরে দৌড়ে আসে। শুরু হয় খোঁজ খবর। অবশেষে রাত আটটা নাগাদ বাড়ি থেকে প্রায় ১৫০ ফুট দূরে শিশুকে একটি পুকুরে ভাসতে দেখেন তারা। আরে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিং মহাকুমা জুড়ে । আর সেই খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে। বৃহষ্পতিবার ময়না তদন্তে পাঠায়।
আর এই মর্মান্তিক ঘটনার পর শিশুটির পিতা সত্যেশ্বর মন্ডল জানান , ‘গত কয়েকদিন আগেই বাবা মারা গিয়েছে।বুধবার রাতে ১৪দিনের সত্যজাত শিশুপুত্রের মৃত্যু হয়। কিভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছিনা। কারোর সাথে কোন শত্রুতা নেই। তারপরও কিভাবে এমন ঘটনা ঘটলো?সম্ভবত আমার পুত্র কে খুন করা হয়েছে। আমরা চাই যে বা যারা এমন জঘন্য নিকৃষ্ট কাজ করেছে পুলিশ সঠিক তদন্ত করে প্রকৃত সেই সব দোষীদের গ্রেফতার করে তাদের কে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়।'

