সুন্দরবন টিভি নিউজ ডেক্স , বাসন্তী : আলো-ছায়ার মিশ্রণে ভরা এক শীতল সকালে, বাসন্তীর নিভৃত কোণে আজ এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল শয়ে শয়ে মানুষ। আশ্রমের ছোট ছোট মুখগুলোয় এক চিলতে হাসি, চোখের কোণে আনন্দের জল। ভাই নেই, বোন নেই, অথচ আজ তবুও ধান, দূর্বা, ফুল ও চন্দনের ফোঁটায় মেখে উঠল ভালোবাসা—কারণ, আজ চম্পাবতী শিশু উদ্যান-এ অনুষ্ঠিত হলো ভাই ফোঁটার এক বিশেষ অনুষ্ঠান।কারণ, এই আশ্রমেই আশ্রয় পেয়েছে এমন সব শিশু, যাদের কেউ গৃহহারা, কেউ পিতৃহীন, কেউ মাতৃহীন, কেউ আবার হারিয়েছে দুজনকেই। অনেকের আবার বাবা-মা বেঁচে আছেন, কিন্তু অমানবিক দারিদ্র্য আর অসহায়তার কারণে রেখে গেছেন তাঁদের ওখানে। তাই তো এই আশ্রমই হয়ে উঠেছে তাদের নতুন পরিবার, নতুন পৃথিবী।
আর তাদের এই নতুন পৃথিবী তে আজ ভাই ফোঁটার সকালে বোনেরা সেজে উঠেছিল রঙিন পোশাকে। কেউ হাতে ফুলের থালা, কেউ ছোট বাটিতে চন্দন মেখে বসেছে সারি সারি করে। যাদের “ভাই” নেই, তারা আজ বোনদেরই ফোঁটা দিল। আর এই ভালোবাসার বিনিময়ে বাঁধা পড়ল এক অদৃশ্য বন্ধন, যা রক্তের নয়, কিন্তু সম্পর্কের চেয়েও গভীর। প্রতিটি ফোঁটা যেন আশীর্বাদ হয়ে পড়ল ছোট ছোট মুখগুলোর কপালে। “ভালো থাকিস, পড়াশোনা করিস, বড় মানুষ হবি”—এই মধুর আশীর্বাদে ভরে উঠল আশ্রমের বাতাস। আর সেই দূষণ হীন বাতাসের খবর পেয়ে গাঁয়ের আরো কিছু ছোট ছোট মেয়েরাও ছুটে আসে আশ্রমে। তারা ভায়েদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি মুখ করায়। তাদের ছোট্ট হাতের স্পর্শে যেন মিশে গেল সমাজের রাশি রাশি মমতা, এক টুকরো আলো, একফোঁটা ভালোবাসা। আশ্রমের ছেলেরা কেউ বিস্ময়ে মুগ্ধ, কেউ বা লজ্জায় মৃদু হেসে ফেলছে। কেউ কেউ চোখ মুছছে চুপিচুপি—কারণ এত ভালোবাসা পাবে, তা তাদের কল্পনাতেও ছিল না। তাই তো আশ্রম প্রাঙ্গণ তখন ভরে উঠেছে হাসি, গান, প্রার্থনা আর আবেগে। শিশুরা মিলে মিশে নাচছে, হাততালি দিচ্ছে, কেউ মিষ্টি বিলোচ্ছে। মুহূর্তের জন্য যেন দুঃখ-দারিদ্র্য, অভাব—সব মুছে গেল আনন্দের রঙে। আর দিনের শেষে আশ্রম জুড়ে জ্বলছে প্রদীপ, আলোয় ঝলমল করছে প্রতিটি মুখ। আশ্রমের কর্মীরা বলেন, “আমাদের এই ভাই ফোঁটা শুধু উৎসব নয়, এটা ভালোবাসার দিন। এখানে সবাই একে অপরের পরিবার।”
তাই তো বাসন্তীর এই ছোট্ট আশ্রম আজ শেখাল, রক্তের বন্ধনই সব নয়—মানবতার বন্ধন, মমতার বন্ধন, ভালোবাসার বন্ধনই সবচেয়ে শক্তিশালী। তাই “চম্পাবতী শিশু উদ্যান”-এর এই ভাই ফোঁটার উৎসব আবারও এই স্বার্থপর সমাজকে মনে করিয়ে দিল—যেখানে ভালোবাসা আছে, সেখানেই ঘর, সেখানেই পরিবার, সেখানেই আলো!


