ঝড়খালীতে বাঘের প্রবেশ ঘিরে আতঙ্ক, নিরাপত্তায় কড়া ব্যবস্থা।

ঝড়খালীতে বাঘের প্রবেশ ঘিরে আতঙ্ক, নিরাপত্তায় কড়া ব্যবস্থা।



প্রশান্ত সরকার, ঝড়খালীঃ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঝড়খালী এলাকায় শুক্রবার ভোররাতে একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ের কাছাকাছি ঢুকে পড়ায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। গভীর জঙ্গল থেকে বেরিয়ে বাঘটিকে ঝড়খালীর টাইগার রেসকিউ সেন্টার সংলগ্ন ম্যানগ্রোভ জঙ্গলে আশ্রয় নিতে দেখা যায়।সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান।



এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে নিরাপদে ধরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছেন। ইতিমধ্যে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং খাঁচা ও ট্রাঙ্কুলাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঝড়খালীর পার্ক চত্বরে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।



যতক্ষণ না পর্যন্ত বাঘটিকে নিরাপদে জঙ্গলে ফেরানো বা আটক করা যাচ্ছে, ততক্ষণ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসন জানিয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত কয়েক বছরে সুন্দরবনে পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। মাঝে মাঝেই পর্যটকরা বাঘের দেখা পাচ্ছেন, যা একদিকে পর্যটন ব্যবসায়ীদের লাভবান করলেও অন্যদিকে বনজীবন ও স্থানীয় মানুষের জন্য নতুন সমস্যার সৃষ্টি করছে। অতিরিক্ত মানুষের ভিড় ও শব্দদূষণের কারণে বন্যপ্রাণীরা স্বাভাবিকভাবে জঙ্গলে চলাফেরা করতে পারছে না। ফলে অনেক সময় বাঘ হিংস্র হয়ে উঠছে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ের দিকে চলে আসছে। 



এদিকে সুন্দরবনের মৎস্যজীবী ও মধু সংগ্রহকারীদের জীবনও ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে। জীবিকার তাগিদে জঙ্গলে ঢুকতে গিয়ে প্রায়ই বাঘের আক্রমণের ঘটনা ঘটছে। পাশাপাশি কিছু বাঘ নিজেদের আবাসস্থল অনিরাপদ মনে করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে চলে যাচ্ছে, যার ফলে লোকালয়ে প্রবেশের ঘটনাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে বনদপ্তর স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অপ্রয়োজনে জঙ্গলের ধারে না যাওয়ার আবেদন জানিয়েছে। প্রশাসনের আশা, দ্রুত বাঘটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন