নুরসেলিম লস্কর , বাসন্তী : রাজ্যের বিধানসভা ভোট পরবর্তী উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও খবরের শিরোনামে উঠে এলো বাসন্তী। রবিবার দুপুরে বাসন্তী থানা এলাকার একটি মেছোভেড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মান্নাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরতগড়ের মান্না পাড়া গ্রাম সংলগ্ন এলাকায় একাধিক মেছোভেড়ি রয়েছে। সেখানে রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসে একটি মুখ বাঁধা বস্তা। সন্দেহ হওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন বাসন্তী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে খবর, বস্তার ভিতর থেকে উদ্ধার হয়েছে তিনটি বন্দুক, ২৪ রাউন্ড কার্তুজ এবং বোমা তৈরির সামগ্রী। কে বা কারা এই আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, কী উদ্দেশ্যে সেগুলি সেখানে রাখা হয়েছিল— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে বাসন্তী থানার আধিকারিকরা।
তবে এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত এলাকার তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচনের সময় তৃণমূলের “হার্মাদ বাহিনী” এই অস্ত্র মজুত করেছিল। বিজেপির অভিযোগ, “৪ তারিখ ভোটের ফল ঘোষণার পর অশান্তি তৈরির পরিকল্পনা ছিল। কিন্তূ রাজ্যে পালা বদল হতেই বর্তমানে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে এবং পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সম্ভবত মেছোভেড়ির মধ্যে অস্ত্রগুলি ফেলে রাখা হয়েছিল।” তবে এই রাজনৈতিক তরজার মাঝেই প্রশ্ন উঠছে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এত বিপুল অস্ত্র এল কীভাবে ? আর সবমিলিয়ে এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর প্রশাসনের।


