মাটি বাঁচলে কৃষি বাঁচবে, বারুইপুরে মাসব্যাপী সচেতনতা কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষিক্ষেত্রে মাটির স্বাস্থ্য রক্ষা ও সারের সুষম ব্যবহার নিশ্চিত করতে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। রাজ্য সরকার এবং শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকে-র যৌথ উদ্যোগে “ক্ষেত বাঁচাও অভিযান ও সারের সুষম ব্যবহার” মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের মধ্যে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার কমানো এবং জৈব ও জীবাণুসারের ব্যবহার বাড়ানো। আজ বারুইপুর ব্লকে আয়োজিত এক সচেতনতা সভায় উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কেভিকে-র বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাটি কৃষির মূল ভিত্তি। মাটির উর্বরতা বজায় রাখতে হলে মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক সারের সুপারিশ মেনে চলা অত্যন্ত জরুরি। ক্ষেত বাঁচাও অভিযান কৃষকদের মধ্যে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং সুস্থায়ী কৃষি ব্যবস্থার পথ সুগম করবে।” তিনি আরও জানান, আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। এর আওতায় বিভিন্ন গ্রামে মাটি পরীক্ষার শিবির, কৃষক প্রশিক্ষণ কর্মশালা এবং সচেতনতা সভার আয়োজন করা হবে। কৃষকদের শেখানো হবে কীভাবে মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হয় এবং কীভাবে জৈব ও জীবাণুসার ব্যবহার করে জমির উর্বরতা দীর্ঘদিন ধরে বজায় রাখা যায়। অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞরাও কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তাঁদের মতে, অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার মাটির স্বাভাবিক গঠন ও গুণাগুণ নষ্ট করছে। তাই ভবিষ্যতের কৃষিকে টেকসই করতে হলে সারের সুষম ব্যবহার নিশ্চিত করতেই হবে। এদিন কৃষিমন্ত্রীর বার্তাও কৃষকদের শোনানো হয়। মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগকে সফল করার আহ্বান জানানো হয়।
কর্মসূচির শেষে কৃষকরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মাটির স্বাস্থ্য রক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আশ্বাস দেন। কৃষি বিশেষজ্ঞদের মতে, মাটি বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই সুরক্ষিত হবে আমাদের খাদ্য নিরাপত্তা ও কৃষকের ভবিষ্যৎ। তাই আসুন, মাটি পরীক্ষার ভিত্তিতে সার ব্যবহার করি, সুস্থ মাটি গড়ি, এবং টেকসই কৃষির পথে এগিয়ে যাই।

