প্রেমের ফাঁদ নাকি পরিকল্পিত খুন? বকখালির জঙ্গলে বালি খুঁড়ে উদ্ধার মহিলার পচাগলা দেহ।
সৌরভ পৈড়া, বকখালি : অবশেষে ২৩ দিনের নিখোঁজ রহস্যের অবসান। পর্যটন কেন্দ্র বকখালির হেনরিজ আইল্যান্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো এক মহিলার পচাগলা মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় মূল অভিযুক্ত জিয়ারুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রাবিয়া ফকির (৩৪)। তিনি জয়নগরের বকুলতলা থানার বাসিন্দা। গত ২৬ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে বকুলতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। আর তার পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এলাকারই যুবক জিয়ারুল সরদার রাবিয়াকে সঙ্গে নিয়ে বকখালীতে বেড়াতে এসেছিল। এরপর থেকেই রাবিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তদন্তের সূত্র ধরে গত ১৮ জুন জিয়ারুলকে গ্রেফতার করে পুলিশ।
আর পুলিশের টানা জেরার মুখে অভিযুক্ত ভেঙে পড়ে বলে দাবি তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, রাবিয়াকে ফুঁসলিয়ে বকখালীতে নিয়ে এসে হেনরিজ আইল্যান্ডের গভীর জঙ্গলে খুন করে বালির নিচে দেহ চাপা দিয়ে দেয়, যাতে ঘটনার প্রমাণ লোপাট করা যায়। শুক্রবার দুপুরে ধৃতকে সঙ্গে নিয়ে বকুলতলা থানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ হেনরিজ আইল্যান্ডের জঙ্গলে পৌঁছায়। অভিযুক্তের দেখানো জায়গায় খোঁড়াখুঁড়ি শুরু হতেই বালির নিচ থেকে উদ্ধার হয় রাবিয়ার দেহাবশেষ। কিছুটা দূরে পড়ে ছিল তাঁর পচাগলা মৃতদেহ।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং কী কারণে এই খুন, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।


